Tuesday, January 24, 2017

পঁচিশতম স্ত্রীর করা মামলায় ২৭তম স্ত্রীর বাড়ি থেকে ‘বিয়ে পাগল’ স্বামী গ্রেফতার

২৫তম স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় ২৭তম স্ত্রীর বাড়ি থেকে ‘বিয়েপাগল’ ইয়াসিন বেপারীকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ইয়াসিনকে বরগুনার তালতলী উপজেলার গেন্ডামারা গ্রামের জয়নাল আকনের (২৭তম স্ত্রীর বাবা) বাড়ি থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতার ইয়াসিন বেপারী খুলনার রূপসা উপজেলার মৃত মহিউদ্দীনের ছেলে।মামলার বাদী খুলনা জেলার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামের শাহ আলম মণ্ডলের মেয়ে সেফালী আকতার তানিয়া জানান, খুলনার রূপসা ঘাট এলাকার ইয়াসিন বেপারী তার আগের কৃতকর্ম গোপন রেখে ছয় বছর আগে তাকে বিয়ে করেন। বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই তিনি জানতে পারেন তার স্বামীর ২৫তম স্ত্রী তিনি।
এরপর স্বামী ইয়াসিন কাজের অজুহাতে প্রায়ই বাড়ি ছেড়ে এদিক সেদিকে থাকতেন। পরবর্তীতে ইয়াসিন রাজাপুর সদর উপজেলার মাটিভাঙ্গা এলাকার পুতুল নামের এক মেয়েকে বিয়ে করেন। বিয়ের কয়েক দিন পর পুতুল ইয়াসিনের সব ঘটনা জানতে পেরে তাকে ডিভোর্স দেন।
পরবর্তীতে ২০১৫ সালের মাঝামাঝি সময়ে চট্টগ্রামে বসে ইয়াসিন তালতলী উপজেলার গেন্ডামারা এলাকার জয়নাল আকনের মেয়ে রুমানাকে বিয়ে করেন। রুমানাকে তার স্বামী ইয়াসিন বাড়িতে তুলে না নিয়ে কাজের অজুহাতে তার বাবার বাড়ি রাখেন। এরপর আবারো চট্টগ্রামে এক গার্মেন্টস কর্মী খুলনার রূপসা এলাকার ফাতেমাকে বিয়ে করেন ইয়াসিন।
সেফালী আরও জানান, এসব বিয়ে ছাড়াও ইয়াসিনের ১ম থেকে ২৪তম বিয়ের তালিকা রয়েছে। এসব স্ত্রীর অনেকের ২/১টি করে সন্তান রয়েছে। এদের এখন আর খোঁজখবর নেয় না ইয়াসিন।
বরগুনার তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমলেশ চন্দ্র হালদার জানিয়েছেন, “যৌতুক নিরোধ আইনে স্বামী ইয়াসিন ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার খুলনার রূপসা এলাকার এই বাসিন্দাকে কারাগারে পাঠিয়েছে বরগুনার আদালত” ।
ইয়াসিন ব্যাপারীর ছোট ভাই এসকান্দর ব্যাপারী বলছেন, “আমি পাঁচ ছয়টা বিয়ের খবর শুনেছি। এতগুলোর কথা জানি না। সে বাড়িতে আসে না। তবে সে নিয়মিতই এরকম করে সেটা জানি। কিছু বলতে গেলেই মারধোর করতে আসে”।
তিনি আরো বলছেন, “আমি ছোট ভাই হিসেবেতো শাসন করতে পারি না। তবে আমরা চাই সে ভালো হয়ে যাক। জেল সাজা ভোগ করলে যদি কিছু পরিবর্তন হয়”।
বাংলাদেশে ইসলামি আইন অনুযায়ী এক সাথে চারজন স্ত্রী রাখার বিষয়টি বৈধ ব্যাপার। তবে ইয়াসিন আলী এক সঙ্গেই অত জন স্ত্রীর সাথে বিবাহিত ছিলেন কিনা সেটি ঠিক পরিষ্কার নয়।

No comments:

Post a Comment

যুবলীগ থেকে বহিষ্কার হলেন সম্রাট-আরমান

অসামাজিক কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে যুব...