Sunday, January 22, 2017

দায়িত্বে ছিলাম ৯ মাস জেল খেটেছি ২৪ মাস


১৯ জানুয়ারি প্রথম আলো সিলেটের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীর মুখোমুখি হয়
প্রথম আলো: সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা এবং সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলার মতো মামলার আসামি আপনি। এসব মামলাকে রাজনৈতিক বলছেন কেন?
আরিফুল হক চৌধুরী: ঘটনা বা মামলাকে রাজনৈতিক বলছি না, আমাকে জড়ানোকে রাজনৈতিক বলছি। আমি এ দুটো ঘটনার শুরুর দিকে মামলার এজহারভুক্ত আসামিও ছিলাম না। দুটো ঘটনার প্রায় ১০ বছর পর আমাকে অধিকতর তদন্তের নামে সম্পূরক অভিযোগপত্র দিয়ে জড়ানো হয়েছে। সিলেটের রাজনীতিতে একটা হারমোনি (ঐকতান) ছিল। অতীতে আমরা সে রকমই দেখেছি। সেই অতীত এখন নেই। মেয়র নির্বাচিত হয়েই টানা ২ বছর ৪ দিন জেলে ছিলাম। আমাকে জেল খাটানোর পেছনে কারণ একটিই, রাজনৈতিক হারমোনি হারানো ও প্রতিহিংসা। আমি কোনো হত্যায় জড়িত তো দূরের কথা, আমার ৩৭ বছরের রাজনৈতিক ও ব্যক্তিজীবনে ব্লেড দিয়ে কারও শরীরে আঁচড় কাটার সাহসও করিনি।
প্রথম আলো: রাজনৈতিক সম্প্রীতি তো এখন বিরল, ক্ষমতার বাইরে থাকার কারণে কি এই ভাবনা?
আরিফুল: না। আমি বলেছি, রাজনৈতিক হারমোনিটা সিলেটের অতীত ঐতিহ্য ছিল। আর তুলনা করলে এখন যা হচ্ছে, বিএনপির সরকার আমলে তো তার কিছুই হয়নি। আমার আগে যিনি মেয়র ছিলেন, তিনি বিএনপির সরকারের আমলে অবাধ-সুষ্ঠু নির্বাচন করে, বিজয়ী হয়ে ফুলটাইম যথাযথ পদমর্যাদার সঙ্গে মেয়রগিরি করেছেন। কোনো ধরনের বাধা দেওয়া হয়নি, বরং সহযোগিতা ছিল। আমার বেলায় দেখা গেল, শুরুর আগেই পদমর্যাদা কেড়ে নেওয়া হলো, ৯ মাস দায়িত্ব পালন করেছি, কারাগারে থেকেছি ২৪ মাস।
প্রথম আলো: গ্রেপ্তারের আগে যে সময়টিতে মেয়রের দায়িত্ব পালন করেছেন, তখন তো সরকারের সহযোগিতা পেয়েছেন।
আরিফুল: সহযোগিতা ছিল না, বরং মেয়র নির্বাচিত হওয়ার পরপরই পদমর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। নিরাপত্তা চেয়ে আমাকে একাধিকবার সাধারণ ডায়েরি করতে হয়েছে। শুরুতে এমনটি তো আর সহযোগিতার লক্ষণ বলা যায় না।
প্রথম আলো: বিএনপির সমর্থক হয়েও বরিশাল ও কুমিল্লা সিটির মেয়র পুরো সময়টাই দায়িত্ব পালন করেছেন। উচ্চ আদালতের রায় নিয়ে খুলনার মেয়র দায়িত্ব পালন করছেন। তাহলে কী করে বলবেন, বিএনপির নেতা হলেই তাঁকে দায়িত্ব পালন করতে বাধা দেওয়া হচ্ছে?
আরিফুল: আমাকে ২ বছর ৪ দিন কারাবন্দী করে রাখা হয়েছিল জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে। এটা সাধারণ মানুষ পর্যন্ত বলছেন। জিজ্ঞেস করে দেখুন, নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে বলছেনÑআমি মেয়র নির্বাচিত না হলে আলোচিত দুই মামলায় জড়িত করা হতো না, এভাবে কারাভোগও করতে হতো না। আওয়ামী লীগের অনেক সমর্থকও এমনটি বলছেন।
প্রথম আলো: ২০১৪ সালের জাতীয় নির্বাচনে বিএনপির না যাওয়াটাকে কীভাবে দেখছেন? অনেক রাজনৈতিক সমস্যার শুরু কি সেখান থেকে নয়?
আরিফুল: অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাওয়া ছিল বিএনপির। সমস্যার শুরুটা কিন্তু শাসক দল নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে না পারার মধ্য দিয়ে তৈরি।
প্রথম আলো: স্থানীয় বিএনপির একটি পক্ষ তো আপনার সাময়িক বরখাস্তে খুশি বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে, আপনি কী বলেন?
আরিফুল: সিলেট পৌরসভা বা সিটি করপোরেশনে বিএনপির আমিই প্রথম নির্বাচিত মেয়র। এর আগে পৌরসভা ও সিটি করপোরেশনে বিএনপির সমর্থন নিয়ে যাঁরা চেয়ারম্যান বা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাঁদের জামানত পর্যন্ত বাতিল হয়েছিল। এমনকি দল ক্ষমতায় থাকতেও মেয়র পদে নির্বাচন করে জয় দেখা যায়নি। আমিই একমাত্র, ক্ষমতার বাইরে থেকেও বিএনপির সমর্থন নিয়ে জয়ী হই। এ জন্য সাধারণ কর্মীদের মধ্যে আমাকে নিয়ে বরং বিপুল উৎসাহ আছে। এ অবস্থা দেখে হয়তো কেউ এমন কথা ছড়াতে পারে। তবে এসব বিএনপি থেকে নয়, নির্বাচনী প্রতিপক্ষরা ছড়াতে পারে।
প্রথম আলো: মেয়রের মেয়াদ সাড়ে তিন বছর পার হয়েছে। এই সময় নগরবাসীর প্রতি আপনার যে প্রতিশ্রুতি ছিল, তার কতটা পূরণ করতে পেরেছেন?
আরিফুল: আমার প্রতিশ্রুতি একটাই ছিল, পরিকল্পিত উন্নয়নে ৫ বছরে পরিবর্তন চিত্র দৃশ্যমান করা। ৯ মাস দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমি সেই চেষ্টা শুরু করেছিলামও। প্রধান সমস্যা ছিল সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা। আমি দায়িত্ব নিয়েই ৯টি প্রাকৃতিক ছড়া (খাল) দখলমুক্ত করার কাজ শুরু করি। এ কাজ শুরু করার মধ্যে সুফলও পাওয়া গেছে। পরের বর্ষাকালে জলাবদ্ধতা তেমন দেখা দেয়নি। ছড়া দখলমুক্ত করতে বাড়তি কোনো অর্থ বা জনবল প্রয়োজন পড়েনি। স্থানীয় সাংসদ হিসেবে অর্থমন্ত্রীও (আবুল মাল আবদুল মুহিত) খুশি হয়েছিলেন। ফুটপাত অবৈধ দখলমুক্ত করে যানজট পরিস্থিতি সহনীয় করে ফেলেছিলাম। আমার কাজ অব্যাহত রাখতে পারলে এ নগরকে একটি আদর্শ নগরে রূপান্তর করতে পারতাম।
(সাক্ষাৎকার নিয়েছেন উজ্জ্বল মেহেদী)

No comments:

Post a Comment

যুবলীগ থেকে বহিষ্কার হলেন সম্রাট-আরমান

অসামাজিক কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে যুব...