Monday, June 20, 2016

আইফোন ব্যবহারকারীদের যে সুবিধা দিচ্ছে অ্যাপল

আইফোন, আইপ্যাডে বিল্ট-ইন অ্যাপ সরানোর সুবিধা দিতে যাচ্ছে অ্যাপল। মোবাইল ও ট্যাবের অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ আইওএস ১০ চালু করলে এ সুবিধা পাওয়া যাবে।
গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে বার্ষিক ডেভেলপারস সম্মেলনে আইওএস ১০-সহ নতুন সফটওয়্যারের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুকসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
ডব্লিউডব্লিউসি ২০১৬ নামের সম্মেলনে কিনোট উপস্থাপনায় অ্যাপলের পক্ষ থেকে নতুন সফটওয়্যারগুলোর ফিচার সম্পর্কে জানানো হয়। অনুষ্ঠানে ভার্চ্যুয়াল সহকারী সফটওয়্যার আইওএস ১০-সহ ম্যাকে সিরি সুবিধা, ওয়াচওএস ৩, ম্যাকওএস সিয়েরা প্রভৃতি তথ্য তুলে ধরা হয়। অ্যাপলের সফটওয়্যার প্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ প্রেসিডেন্ট ক্রেইড ফ্রেডরিগ আইওএসের নতুন সংস্করণে যেসব পরিবর্তন আসছে, সে সম্পর্কে জানান। তিনি বলেন, আইওএসের নতুন সংস্করণে নতুনভাবে আসছে উন্নত নোটিফিকেশন, আইমেসেজ, ম্যাপ, মিউজিকসহ নানা সুবিধা। এসব সুবিধার পাশাপাশি অ্যাপল ডিভাইস ব্যবহারকারীদের অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করার সুবিধা দিচ্ছে তারা।
অ্যাপলের সাপোর্ট পাতার তথ্য অনুযায়ী, আইওএস বিটা সংস্করণে স্টক অ্যাপস সরানো যাবে। আইফোন, আইপ্যাড ও আইপড টাচ ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।
হোমস্ক্রিন থেকে অ্যাপ আনইনস্টল করতে গেলে এ-সংশ্লিষ্ট সিস্টেম ফাংশনের সব তথ্য মুছে যাবে বলে অ্যাপল সতর্ক করছে।
মেসেজ, ফটোজ, ক্যামেরা—এ তিনটি অ্যাপ আনইনস্টল করা যাবে না।
অ্যাপলের তথ্য অনুযায়ী, ২৩টি অ্যাপ আনইনস্টল করা যাবে। এর মধ্যে রয়েছে ক্যালকুলেটর, ক্যালেন্ডার, কম্পাস, কন্টাক্টস, ফেসটাইম, ফাইন্ড মাই ফ্রেন্ডস, হোম, আইবুক, আইক্লাউড ড্রাইভ, আইটিউনস স্টোর, মেইল, ম্যাপস, মিউজিক, নিউজ, নোটস, পডকাস্টস, রিমাইন্ডারস, স্টকস, টিপস, ভিডিওস, ভয়েস মেমো, ওয়াচ ও ওয়েদার।
অ্যাপলের দাবি, এই অ্যাপগুলো মাত্র ১৫০ এমবি জায়গা দখল করে। অ্যাপগুলো সরিয়ে ফেলা হলে অ্যাপ স্টোর থেকে পুনরায় ইনস্টল করা যাবে।
আগামী জুলাই মাস থেকে আইওএস ১০ বিটা সংস্করণ ডাউনলোড করা যাবে। নতুন আইফোন ‘৭’-এর সঙ্গে আইওএস ১০-এর চূড়ান্ত সংস্করণ উন্মুক্ত করবে অ্যাপল।

No comments:

Post a Comment

যুবলীগ থেকে বহিষ্কার হলেন সম্রাট-আরমান

অসামাজিক কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে যুব...