ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) তিনটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জপদক পেয়েছে বাংলাদেশ দল। রৌপ্যপদক পেয়েছে নটর ডেম কলেজের তাহমিদ মোসাদ্দেক, স্যার জন উইলসন স্কুলের ফারদিম মুনির ও পাবনা জিলা স্কুলের এ কে এম সাদমান মাহমুদ। দলের বাকি তিন সদস্য চট্টগ্রাম নাছিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের আহমেদ নাফিস, কুমিল্লা জিলা স্কুলের নিহাল জুহায়ের পরশ মিয়াজী ও বিএএফ শাহীন ইংলিশ স্কুলের মিরাজ আহমেদ পেয়েছে ব্রোঞ্জপদক।
ইন্দোনেশিয়া সরকারের পৃষ্ঠপোষকতায় এবং দেশটির শিক্ষা ও
সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে আইজেএসও। এবারের
অলিম্পিয়াডে ৪৮টি দেশের ২৭৬ জন প্রতিযোগী অংশ নিয়েছে।
এবারের প্রতিযোগীদের মধ্যে ১০০ নম্বরে ৯৬.৬ পেয়ে সেরাদের
সেরা হয়েছে তাইওয়ানের চুন-মাও লাই। বালি সমুদ্রসৈকতে আয়োজিত সমাপনী
অনুষ্ঠানে বিজয়ীদের পদক পরিয়ে দেওয়া হয়।
দ্বিতীয়বারের মতো এই অলিম্পিয়াডে অংশ নিয়েছে বাংলাদেশ দল।
দলের সঙ্গে বালিতে রয়েছেন দলনেতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগী
অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের প্রকল্প
কর্মকর্তা মো. মোরশেদ আলম ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহকারী
একাডেমিক সমন্বয়কারী মো. জুনায়িদুল ইসলাম। আইজেএসওতে বাংলাদেশ দলের
পৃষ্ঠপোষক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ
ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) উদ্যোগে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড
আয়োজনের মাধ্যমে সারা দেশ থেকে এই ছয়জনকে নির্বাচিত করা হয়।
বাংলাদেশ দলের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে ইউনিভার্সিটি অব
এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী বলেন, প্রতিযোগিতায় এই
সাফল্য থেকে বোঝা যায় বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের শিক্ষার্থীদের মেধা ও
দক্ষতা বিশ্বমানের।

No comments:
Post a Comment