Friday, June 17, 2016

সৌদি আরবে চাকরি হারাচ্ছেন বিদেশিরা

 সৌদি আরবে চাকরি হারাচ্ছেন বিদেশি শ্রমিকরা। অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় দেশটিতে অর্থনৈতিক মন্দাবস্থা বিরাজ করছে। এ অবস্থায় অনেক কোম্পানি বিদেশি শ্রমিকদের ঠিকমতো বেতন দিতে পারছে না। ফলে তারা বিদেশি শ্রমিকদের ছাঁটাই করছে। গত ৪ঠা এপ্রিল এই ধরনের ৬ শ্রমিক চাকরি হারিয়ে সৌদির রিয়াদস্থ বাংলাদেশি দূতাবাসে আসে। দূতাবাস
খোঁজখবর নিয়ে গত ১৭ই এপ্রিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়কে এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ে প্রেরিত দূতাবাসের ওই চিঠিতে সৌদি আরবের বর্তমান প্রেক্ষাপটে দেশটিতে নতুন শ্রমিক প্রেরণের পূর্বে কাজের প্রকৃত সুযোগ রয়েছে কিনা তা যাচাই-বাছাইয়েরও সুপারিশ করা হয়।
দূতাবাস সূত্র জানায়, গত ৪ঠা এপ্রিল ৬ বাংলাদেশি শ্রমিক তাদের মালামালসহ রিয়াদের দূতাবাসে আশ্রয় নেন। এরা হলেন- মোহাম্মদ রজব হোসেন পাভেল (পাসপোর্ট নং-বি এইচ ০৯৮৪৭৯০), রোমান মিয়া (বি ই ০৫৮৬৮০০), মো. নজরুল ইসলাম (বি এইচ ০০৮৩৮৩১), তুহিন (বি এ ০১৮৮৪২৭), রফিকুল ইসলাম (বি এইচ ০৯৮০৮৪৬) এবং মো. খাইরুল ইসলাম (বি এইচ ০৬০৩৪৪৭)। দূতাবাসে এসব কর্মীরা জানান, তারা মিউনিসিপ্যালিটি ভিসায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি গড গিফটের মাধ্যমে গত ২১শে জানুয়ারি সৌদি আরবে আসেন। দেশটিতে আসার পর তাদের নাভানিয়া নামক মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করে। সেখানে তারা এক মাস ১০ দিন কাজ করেন। এরপর তাদের আর কোনো কাজ দেয়া হয়নি। ওই মিউনিসিপ্যালিটিতে তারা একমাস কাজ ছাড়াই অবস্থান করেন। পরে মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ তাদের জানায়, সেখানে প্রয়োজনের তুলনায় কর্মী অনেক বেশি। ফলে তাদের আর কাজ দেয়া সম্ভব হচ্ছে না। এই ৬ কর্মীর এমন অভিযোগের প্রেক্ষিতে দূতাবাস তাদের নিয়োগকারী প্রতিষ্ঠান ডায়মন্ড স্টার রিক্রুটিং কোম্পানির সঙ্গে আলোচনা করে। এই আলোচনার প্রেক্ষিতে একই মিউনিসিপ্যালিটিতে তাদের কাজ প্রদানের অঙ্গীকার করলে গত ৬ই এপ্রিল ওই ৬ কর্মীকে ডায়মন্ড স্টার রিক্রুটিং এজেন্সি কোম্পানির কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি দূতাবাসের পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে বলেও জানানো হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রেরিত ওই চিঠিতে দূতাবাস কর্মী প্রেরণের দেশটির শ্রমবাজার যাচাই-বাছাইয়ের সুপারিশ করে। এতে বলা হয়, এই ৬টি ভিসা দূতাবাস হতে সত্যায়ন করা হয়নি। চিঠিতে আরো বলা হয়, অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় সৌদি আরবে অর্থনৈতিক মন্দা বিরাজ করছে। ফলে অনেক কোম্পানি বিদেশি শ্রমিকদের বেতন প্রদান করতে পারছে না এবং প্রবাসী শ্রমিকদের ছাঁটাই করছে। এ অবস্থায় সৌদি আরবের বর্তমান প্রেক্ষাপটে নতুন শ্রমিক প্রেরণের আগে কাজের প্রকৃত সুযোগ রয়েছে কিনা তা যাচাই করা যেতে পারে। এ ব্যাপারে ওই ৬ কর্মীকে দেশটিতে প্রেরণকারী প্রতিষ্ঠান গড গিফট রিক্রুটিং এজেন্সির ম্যানেজিং পার্টনার আমিনুল ইসলাম মজিদ বলেন, আগে তারা দেশটিতে লোক পাঠাতেন। কিন্তু এখন সেখান থেকে কোনো চাহিদাপত্র আসছে না। ফলে এখন তারা সৌদি আরবে কোনো কর্মী পাঠাতে পারেন না। দেশটির অর্থনৈতিক মন্দাবস্থার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে স্বীকার করলেও ৬ কর্মীর কাজ হারানোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে তিনি জানান। বলেন, তাদেরকে কাজে নিয়োগ দেয়া হয়েছিল। বেতনও পেতেন। কিন্তু তারা শৃঙ্খলা ভঙ্গ করায় তাদেরকে ছাঁটাই করা হয়েছিল। কি ধরনের শৃঙ্খলা ভঙ্গ করেছিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মিউনিসিপ্যালিটির বাইরেও তারা কাজ করতে যেতো। ফলে তাদের বাদ দেয়া হয়। তবে সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের পুনরায় নিয়োগ দেয়া হয়েছে বলেও তিনি জানান। বলেন, তারা এখন সেখানে নিয়মিত বেতন পাচ্ছেন।

No comments:

Post a Comment

যুবলীগ থেকে বহিষ্কার হলেন সম্রাট-আরমান

অসামাজিক কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে যুব...